নিজস্ব প্রতিবেদক ||দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেলের (পে-স্কেল) প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন বিধান অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধি কার্যকর ধরা হলেও তা তিন ধাপে পরিশোধ করা হবে। একই সঙ্গে গত ১ জুলাই থেকে প্রজ্ঞাপন জারির দিন পর্যন্ত সময়ের বর্ধিত বেতন ও পেনশন বকেয়া হিসেবে দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ জারি করা হয়। পরে সেটি গেজেট আকারে প্রকাশিত হয়।
নতুন আদেশ অনুযায়ী, ১ জুলাই থেকে নতুন বেতন স্কেলে মূল বেতন পুনর্নির্ধারণ করা হবে। তবে বেতন বৃদ্ধির পুরো অর্থ একসঙ্গে নয়, ধাপে ধাপে দেওয়া হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে ইনক্রিমেন্টসহ নতুন বেতন শতভাগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নবম ও তার ওপরের গ্রেডের কর্মচারীরা বেতন বৃদ্ধির মোট অঙ্কের ৪০ শতাংশ পাবেন। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ।
এরপর ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়া বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে ৭৫ শতাংশ পরিশোধ করা হবে।
সর্বশেষে ১ জুলাই ২০২৭ থেকে বার্ষিক ইনক্রিমেন্টসহ নতুন মূল বেতন পুরোপুরি কার্যকর হবে।
এরপর ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়া বেতনের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে ৭৫ শতাংশ পরিশোধ করা হবে।
সর্বশেষে ১ জুলাই ২০২৭ থেকে বার্ষিক ইনক্রিমেন্টসহ নতুন মূল বেতন পুরোপুরি কার্যকর হবে।
বকেয়া অর্থও দেওয়া হবে
প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে, ১ জুলাই থেকে প্রজ্ঞাপন জারির তারিখ পর্যন্ত যে অতিরিক্ত বেতন প্রাপ্য হয়েছে, তা কর্মচারীরা বকেয়া হিসেবে পাবেন।
এতে চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের প্রাপ্য বাড়তি অর্থ একসঙ্গে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
পেনশনভোগীরাও পাবেন ধাপে ধাপে
নতুন বিধান অনুযায়ী, অবসরপ্রাপ্ত কর্মচারী ও পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রেও একই ধরনের ধাপভিত্তিক ব্যবস্থা রাখা হয়েছে।
১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত যাদের বিদ্যমান নিট পেনশন ২০ হাজার ১ টাকা বা তার বেশি, তারা পেনশন বৃদ্ধির মোট অঙ্কের ৪০ শতাংশ পাবেন। আর ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনধারীরা পাবেন ৫০ শতাংশ।
১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত প্রথম শ্রেণির পেনশনভোগীরা বৃদ্ধি পাওয়া অংশের ৭০ শতাংশ এবং দ্বিতীয় শ্রেণির পেনশনভোগীরা ৭৫ শতাংশ পাবেন।
১ জুলাই ২০২৭ থেকে ইনক্রিমেন্টসহ নতুন নিট পেনশন শতভাগ কার্যকর হবে। অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীরাও ১ জুলাই থেকে প্রজ্ঞাপন জারির দিন পর্যন্ত সময়ের বর্ধিত পেনশন বকেয়া হিসেবে পাবেন।
অবসরে গেলেও নতুন স্কেলে পেনশন
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭-এর মধ্যে কোনো কর্মচারী অবসর-উত্তর ছুটি (পিআরএল) শেষে অবসরে গেলে, তাঁর গ্রস ও নিট পেনশন নতুন জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী নির্ধারণ করা হবে।
নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়া জাতীয় বেতন স্কেলের বাস্তবায়ন পদ্ধতি, বকেয়া পরিশোধ এবং পেনশন নির্ধারণের নিয়ম আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করল সরকার।