তাজরিন আক্তার মুন্নি মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহতের পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের সচিব ও পরিচালক (যুগ্মসচিব) জনাব রুবায়োৎ-ই-আশিক।
৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রোজ বুধবার সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও বিআরটিএ, মানিকগঞ্জ সার্কেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলার, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমুন আরা সুলতানা।
অনুষ্ঠানে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের এবং নিহতদের পরিবারকে ঘুরে দাঁড়ানোর জন্য পর্যায়ক্রমে মোট ৬৮ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে ১২ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রত্যেকে ৫ লাখ টাকা করে এবং অপর ৪ জনকে ১ লাখ টাকা করে এই অনুদান দেওয়া হচ্ছে।
সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারগুলো সাধুবাদ জানিয়েছে।