কুমিল্লা প্রতিনিধি ||কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তুহিন নামের একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিবুল আলম ভুঁইয়া।
তিনি জানান, অপ্রতীমের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন তুহিনকে আটক করা হয়েছে।
তবে, তুহিনের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ বা সন্দেহ রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।
মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয়ে গিয়ে নিখোঁজ হয় অপ্রতীম। এর পর আর বাড়িতে ফেরেনি সে। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সদর দক্ষিণ মডেল থানা পুলিশ জানিয়েছে, নিখোঁজের পর অপ্রতীমের মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হয়। ওই অবস্থানের ভিত্তিতে শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই এলাকায় তল্লাশি চালান। ম্যাজিক প্যারাডাইস-সংলগ্ন পশ্চিম সানন্দা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।