1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

স্পট ফিক্সিং: যে ব্যাখ্যা দিলো ঢাকা ক্যাপিটালস

সাংবাদিক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিং তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এক ফ্র্যাঞ্চাইজিকে একটি নির্দিষ্ট ম্যাচ হারার বিনিময়ে ৪০০ কোটি টাকা প্রস্তাব করেছিল বেটিং চক্র। তদন্ত অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিটি সেই প্রস্তাব গ্রহণ করেছিল কি না, তা নিশ্চিত নয়, তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—তারা এই প্রস্তাব বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে জানায়নি। শেষ পর্যন্ত ম্যাচটি তারা হেরে যায়, যা ঘটনাকে আরও সন্দেহজনক করে তোলে।

জাতীয় একটি দৈনিকের খবর অনুযায়ী বিপিএলের সর্বশেষ আসরে (২০২৪-২৫) গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট প্রায় প্রস্তুত। সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বে থাকা তিন সদস্যের কমিটি ৩০০ ঘণ্টার অডিও কথোপকথন ও তিন হাজার পৃষ্ঠার লিখিত নথি পর্যালোচনা করেছে। আগামী সপ্তাহের মধ্যে এই রিপোর্ট বিসিবি সভাপতির কাছে জমা দেওয়ার কথা।

তদন্তে ৩-৪ জনকে ‘হাই ফ্ল্যাগড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে জাতীয় দলের হয়ে খেলা এক পেসার ও এক অফস্পিনারও আছেন। এ ছাড়া সর্বশেষ শ্রীলঙ্কা সফরে থাকা একজন খেলোয়াড় ও একটি ফ্র্যাঞ্চাইজির কোচের নামও এসেছে। তিনটি ফ্র্যাঞ্চাইজিকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে—দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস।

এছাড়া তদন্তে আরও বেরিয়ে এসেছে, শুধু শেষ আসর নয়, গত পাঁচ বিপিএলে মোট ১৪০টির বেশি সন্দেহজনক ঘটনা ঘটেছে। এর সঙ্গে জড়িত স্থানীয় ও বিদেশি খেলোয়াড়ের সংখ্যা ৬০-এর বেশি।

এই সংবাদ প্রকাশ হওয়ার পর ঢাকা ক্যাপিটালস এক বিবৃতি দিয়েছে। শুরুতেই তারা লিখেছে, ‘সম্প্রতি একটি জাতীয় দৈনিকে (প্রথম আলো) প্রকাশিত প্রতিবেদনে বিপিএল তদন্ত সংক্রান্ত খবরে কথিত স্পট ফিক্সিংয়ে ঢাকা ক্যাপিটালসসহ আরও দুইটি ফ্র্যাঞ্চাইজির সম্পৃক্ততার বিষয়টি “নিশ্চিত” বলা হলেও, একই প্রতিবেদনের পরবর্তী লাইনে উল্লেখ করা হয়েছে যে অধিকতর তদন্তে পুরোপুরি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের ফ্র্যাঞ্চাইজি না দেওয়ার সুপারিশ থাকবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের কাছে এটি স্পষ্ট যে, অভিযোগটি এখনও প্রমাণিত নয়। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে কোনও ফ্র্যাঞ্চাইজিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। বিসিবি’র স্বাধীন তদন্ত কমিটির সঙ্গে আমরা শুরু থেকেই ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি এবং তারা যখন যে তথ্য চেয়েছেন, আমরা সবসময় তা সরবরাহ করেছি। তদন্ত প্রক্রিয়ায় আমরা পূর্ণ সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করবো।’

এমন খবর ঢাকা ক্যাপিটালসের জন্য সম্মানহানিকর উল্লেখ করে বলা হয়েছে, ‘আমরা ইনকোয়ারি কমিটিকে স্পষ্টভাবে জানিয়েছি যে, যদি কোনও খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তবে আমরা নিজেরাই সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। কিন্তু প্রমাণ ছাড়া সরাসরি ম্যানেজমেন্টের ওপর দায় চাপানো আমাদের এবং আমাদের পার্টনারদের জন্য গভীরভাবে সম্মানহানিকর।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘স্পট ফিক্সিং যেহেতু ব্যক্তি পর্যায়ের বিষয়, কোনও ক্রিকেটার এর সাথে জড়িত কিনা সে বিষয়ে আমাদের পূর্ব থেকে অবগত থাকার সুযোগ নেই। ঢাকা ক্যাপিটালস অতীতেও দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।’

একদম শেষে ঢাকার এই ফ্র্যাঞ্চাইজি লিখেছে, ‘আমরা সততা, স্বচ্ছতা এবং ফেয়ার প্লেতে বিশ্বাসী। তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ, একদিন আমরা আমাদের সমর্থকদের বিপিএল শিরোপার আনন্দ উপহার দেবো।’

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন