1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

লেস্টারের হারের দিনে বর্ণবাদী আচরণের শিকার হামজা

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার সংবাদ দেখেছেন

স্পোর্টস ডেস্ক//ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে হারের সঙ্গে বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বাংলাদেশের জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। শনিবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন তিনি। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে উল্টো হলুদ কার্ডও দেখতে হয়েছে তাকে।

অবনমনের শঙ্কায় থাকা লেস্টার ম্যাচটি ১-০ গোলে হারলেও আলোচনার জন্ম দিয়েছে ৭১ মিনিটের ওই ঘটনা।

ইনজুরি কাটিয়ে ফেরা ২৮ বছর বয়সী হামজাকে শুরুর একাদশে রেখেছিলেন কোচ গ্যারি রোয়েট। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬৩ মিনিটে এবু অ্যাডামসের গোলে এগিয়ে যায় পোর্টসমাউথ। সমতায় ফেরার লক্ষ্য নিয়ে ৭১ মিনিটে হামজার পরিবর্তে জর্ডান জেমসকে নামানোর সিদ্ধান্ত নেন রোয়েট।

ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, মাঠ ছাড়ার সময় গ্যালারি থেকে বর্ণবাদী মন্তব্যের শিকার হন হামজা। এতে দৃশ্যতই ক্ষুব্ধ হয়ে সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এই মিডফিল্ডার। পরে ডাগআউটের দিকে এগিয়ে গেছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হস্তক্ষেপ করেন ম্যাচ রেফারি। হামজা নিজের প্রতি হওয়া অপমানের কথা ইঙ্গিত করে বোঝানোর চেষ্টা করলেও তা আমলে না নিয়ে উল্টো তাকেই হলুদ কার্ড দেখান রেফারি।

এই সিদ্ধান্তে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন হামজা। হতাশায় কোচিং স্টাফের এক সদস্যকে সরিয়ে দিয়ে বেঞ্চে বসে পড়েন তিনি।

লিগ টেবিলেও কঠিন বাস্তবতার মুখে লেস্টার। এই হারে দলটি পয়েন্ট টেবিলে আরও বিপদে পড়েছে। ২৪ দলের চ্যাম্পিয়নশিপে ৪৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে বর্তমানে ২৩তম স্থানে রয়েছে লেস্টার সিটি। মৌসুমে বাকি তিন ম্যাচে টিকে থাকতে হলে নিজেদের সব ম্যাচ জিততে হবে এবং অন্য দলের ফলও তাদের অনুকূলে আসতে হবে। তবে আগামী মঙ্গলবার হাল সিটির বিপক্ষে হারলেই লেস্টারের লিগ ওয়ানে অবনমন গাণিতিকভাবে নিশ্চিত হয়ে যাবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com