স্পোর্টস ডেস্ক//জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের লিগে পর্বের শেষ ম্যাচেও জিতলো বাংলাদেশ। স্বাগতিকদের ১৬০ রানে হারানোর আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে খেলবে তারা।
শুক্রবার হারারেতে রিফাত বেগের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৮৪ রান করে বাংলাদেশ। তারপর ৩৫ ওভারে স্বাগতিকদের ১২৪ রানে অলআউট করে।
বড় লক্ষ্য দিয়ে শাহরিয়া আল-আমিনের আঘাতে ১৬ রানে জিম্বাবুয়ের তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। তারপর বেনি জুজে ও মার্শাল মাশাভার ৪৩ রানের জুটিতে ছোট প্রতিরোধ গড়ে জিম্বাবুয়ে।
আরেক আঘাতে ৬৪ রানে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা। জুজে ও মিখায়েল ব্লিগনটের ৫৪ রানের জুটিতে একশ পার করে তারা। জুজে সর্বোচ্চ ৪৭ রানে আউট হলে ধস নামে।
১৯ বলের মধ্যে ৬ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। ব্লিগনট দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন।
ম্যাচে নিজেদের শেষ ওভারে আজিজুল হাকিম ও রিজান হোসেন জোড়া আঘাতে তিনটি করে উইকেট নিয়ে সেরা বোলিং করেন। দুটি উইকেট পান শাহরিয়া।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৭ রানে ওপেনিং জুটি ভাঙে। রিফাত ও অধিনায়ক আজিজুলের ১১২ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। রিফাত ৭৮ বলে ১০ চার ও ১ ছয়ে ৭৭ রানের ইনিংস খেলে বিদায় নেন। এই জুটি শক্ত ভিত গড়ে দেয় বাংলাদেশকে।
পরের ব্যাটারদের মধ্যে ফারজান আহমেদ (৬) ছাড়া প্রত্যেকে ত্রিশের ঘর পার করেন। রিজানকে (৩০) নিয়ে ৩৬ ও ফরিদ হাসানের সঙ্গে ৩৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে মাঠ ছাড়েন মোহাম্মদ আব্দুল্লাহ (৩৭)।
শেষ দিকে দেবাশীষ দেবা ও ফরিদের ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে বড় স্কোর গড়ে বাংলাদেশ। ফরিদ ৩৮ ও দেবা ৩৪ রানে অপরাজিত ছিলেন।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন শেল্টন মাজভিতোরেরা।