আন্তর্জাতিক ডেস্ক//ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে চীনে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ পুনরায় চলাচলের জন্য খুলে দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বসম্মত দাবি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।
বুধবার রাতে এক ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে তিনি বলেন, প্রণালির উপকূলীয় দেশ হিসেবে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও বৈধ অধিকার সম্মান করতে হবে, পাশাপাশি সেখানে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
ওয়াং ই আরও বলেন, প্রণালিতে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধারে কাজ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বসম্মত দাবি।
আব্বাস আরাগচি চীনের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত সমাধান খুঁজে পেতে ইরান প্রস্তুত রয়েছে।