বিনোদন ডেস্ক//শব্দহীন এক জগৎ—যেখানে কথা বলে চোখ, মুখ আর শরীরের ভঙ্গিমা। সেই নীরব শিল্পকেই নতুন করে ছড়িয়ে দিতে ঢাকায় আয়োজন করা হয়েছে ৪ দিনব্যাপী একটি মূকাভিনয় (মাইম) কর্মশালা। বাংলাদেশের স্বনামধন্য মূকাভিনয় সংগঠন ‘দ্য মামার্স’-এর উদ্যোগে অনুষ্ঠিতব্য এই কর্মশালাটি আগামী ১৫-১৮ এপ্রিল পর্যন্ত চলবে সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে প্রশিক্ষণ কার্যক্রম।
বর্তমান সময়ে যোগাযোগের মাধ্যমগুলো যখন শব্দ আর প্রযুক্তিনির্ভর, ঠিক তখনই মূকাভিনয় আমাদের ফিরিয়ে নেয় এক ভিন্ন অভিব্যক্তির জগতে—যেখানে শব্দ ছাড়াই বলা যায় গল্প। প্রকাশ করা যায় ভালবাসা, প্রতিবাদ আর প্রতিরোধের মত অনুভূতি। এই শিল্পকে তরুণ প্রজন্মের কাছে আরও সহজ ও জনপ্রিয় করে তুলতেই এমন আয়োজন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকছেন অভিজ্ঞ ও জনপ্রিয় মূকাভিনয় শিল্পী শহিদুল মুরাদ। তিনি বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের প্রশিক্ষক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ভারতের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী। তার অভিজ্ঞতা ও দক্ষতায় অংশগ্রহণকারীরা মূকাভিনয়ের মৌলিক কৌশল থেকে শুরু করে শরীরী ভাষার সূক্ষ্ম ব্যবহার পর্যন্ত নানা দিক হাতে-কলমে শিখতে পারবেন।
আয়োজকরা জানান, এই কর্মশালা শুধু অভিনয় শেখার একটি সুযোগ নয়; বরং এটি আত্মপ্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। এখানে অংশগ্রহণকারীরা নিজেদের অনুভূতি প্রকাশের নতুন ভাষা খুঁজে পাবেন।
কর্মশালার অংশগ্রহণ ফি নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা। তবে থিয়েটার কর্মী ও শিক্ষার্থীদের জন্য রয়েছে ৫০ শতাংশ ছাড়ের সুবিধা।
আগ্রহীদের নাম, বয়স ও পেশা উল্লেখ করে দ্রুত নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। সীমিত আসনের এই কর্মশালায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যেই আগ্রহীদের সাড়া পাওয়া যাচ্ছে।
নীরবতার মধ্যেও যে শক্তিশালী ভাষা লুকিয়ে আছে, সেটিকে সামনে আনতেই এই আয়োজন—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের আশা, এই কর্মশালার মাধ্যমে দেশে মূকাভিনয় শিল্পের চর্চা আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্মের শিল্পীরা তৈরি হবে।