আন্তর্জাতিক ডেস্ক//দীর্ঘ ৩৪ বছর পর বৃহস্পতিবার ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা আলোচনা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
ট্রাম্প তার পোস্টে লেখেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে একটু স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা করছি। প্রায় ৩৪ বছর পর এই দুই দেশের নেতারা কথা বলবেন।
তবে দুই দেশের কোন পর্যায়ের নেতারা এই আলোচনায় অংশ নেবেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ নাকি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের মধ্যে এই আলাপ হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।
বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলের সঙ্গে উচ্চপর্যায়ের এই বৈঠকে বসার আগে লেবানন সম্ভবত যুদ্ধবিরতির শর্ত দেবে। তবে ইসরায়েল এখন পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়নি, কারণ তারা হিজবুল্লাহর সক্ষমতা আরও দুর্বল করার লক্ষ্য ধরে রেখেছে।