1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

ডিসি সম্মেলনে উঠছে ৪৯৮ প্রস্তাব, গুরুত্ব পাবে যেগুলো

সাংবাদিক
  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২ বার সংবাদ দেখেছেন

বাংলা রিপোর্ট//ডিসি সম্মেলনে উঠছে ৪৯৮ প্রস্তাব, গুরুত্ব পাবে যেগুলো
চার দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল রবিবার (৩ মে)। চারদিনের এই সম্মেলনে উপস্থাপন করা হবে সারা দেশের ডিসিদের পাঠানো ৪৯৮টি প্রস্তাব। সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ডিসি সম্মেলনের উদ্বোধন হবে।

এবারের সম্মেলনে সারা দেশের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পাঠানো ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে অধিকতর গুরুত্ব পাওয়া ৫০টি প্রস্তাব আলাদাভাবে তুলে ধরা হয়েছে।

শনিবার (২ মে) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান।

মাঠ প্রশাসনের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে কেন্দ্র করে আয়োজিত এ সম্মেলনে জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা উন্নয়ন, জনদুর্ভোগ কমানো, অবকাঠামো নির্মাণ, পর্যটন বিকাশ, আইন সংস্কারসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় অগ্রাধিকার পেয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা খাতসংক্রান্ত প্রস্তাবের সংখ্যা সর্বোচ্চ (৪৪টি)।

সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩০টি কার্য-অধিবেশন। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন অংশ নেবে। পাশাপাশি ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে জেলা প্রশাসকদের মতবিনিময় অনুষ্ঠিত হবে।

গুরুত্ব পাওয়া প্রস্তাবগুলো

রংপুর বিভাগে ১ হাজার শয্যার সরকারি হাসপাতাল স্থাপন, জেলা ও উপজেলায় মানসিক স্বাস্থ্যসেবা জোরদার, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পরিশোধনাগার নির্মাণ, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রে মিডওয়াইফ নিয়োগ, শিক্ষা খাতে আইসিটি, ধর্ম ও গ্রন্থাগার শিক্ষক নিয়োগ, গাজীপুরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও জনবল বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কারিকুলাম প্রণয়ন, আদালতে আপিল মামলার তামাদি মওকুফ, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আইন কর্মকর্তাদের নিয়োগ, জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক আর্কাইভ স্থাপন, পর্যটন খাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা, নোয়াখালীতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ, ডিজিটাল লেনদেন সম্প্রসারণে নীতিমালা প্রণয়ন, কৃষকদের জন্য স্বল্পসুদে ঋণ সুবিধা, জেলেদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করা, হাওড় অঞ্চলে স্থায়ী মৎস্য অভয়াশ্রম, খাদ্য ও রপ্তানি পণ্যের মান পরীক্ষায় ল্যাব স্থাপন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অবৈতনিক শিক্ষা, কওমি মাদ্রাসার জন্য নীতিমালা প্রণয়ন, চা-বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের চাকরি স্থায়ীকরণ, বিদেশি ভাষা শিক্ষাকেন্দ্র সম্প্রসারণ, বিজ্ঞান গবেষণাগার স্থাপন, জেলা পর্যায়ে ফ্যাক্ট-চেকিং সেন্টার, পার্বত্য অঞ্চলে শতভাগ বিদ্যুতায়ন, কক্সবাজারে লবণ প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আট লেনে উন্নীত করা, ভূমি অপরাধ প্রতিরোধ আইন সংশোধন, প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী সেবা কেন্দ্র, জেলা পর্যায়ে ইনডোর স্টেডিয়াম নির্মাণ, ক্লাইমেট রেজিলিয়েন্স ফান্ড গঠন, কারাগার হাসপাতালে চিকিৎসক নিয়োগ, দুর্গম এলাকায় শিক্ষার্থীদের জন্য হোস্টেল, পরিবেশবান্ধব ব্লক উৎপাদনে ঋণ, হজযাত্রীর সংখ্যা বাড়ানো, খাসপুকুর পুনঃখনন, ক্ষতিকর ওয়েবসাইট বন্ধে উদ্যোগ, বর্জ্য ব্যবস্থাপনা ও ওয়াটার প্ল্যান্ট নির্মাণ, সমবায় সমিতির ডেটাবেজ তৈরি, ভূমি আইনের সমন্বিত সংকলন প্রণয়ন।

সামগ্রিক লক্ষ্য

সম্মেলনের মাধ্যমে মাঠ প্রশাসনের বাস্তব অভিজ্ঞতা সরাসরি নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরা হবে। এতে প্রশাসনিক, আইনগত ও আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর কৌশল নির্ধারণ সহজ হবে বলে আশা করা হচ্ছে।

একইসঙ্গে নাগরিক সেবার মানোন্নয়ন, উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি এবং প্রশাসনিক দক্ষতা বাড়াতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন