সুপ্রিম কোর্ট প্রশাসন রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী বুধবার থেকে হাই কোর্ট সবক’টি বেঞ্চেই ভার্চুয়ালি চলবে বিচারকাজ।
রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের দেওয়া বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
সর্বোচ্চ আদালতের ভার্চুয়াল আপিল বেঞ্চের পাশাপাশি রোববার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত হাই কোর্টে ১২টি ভার্চুয়াল বেঞ্চে বিচারকাজ চালানোর সিদ্ধান্ত দেওয়া হয়েছিল দুদিন আগেই। এর মধ্যে ৯টি দ্বৈত বেঞ্চ ও তিনটি একক বেঞ্চ।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে সরকারের জারি ‘কঠোর লকডাউন’র সময় প্রথমে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের সব অধস্তন আদালত, ট্রাইব্যুনালের কার্যক্রম না চালানোর সিদ্ধান্ত আসে।
তবে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একজন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী জেলা বা মহানগরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেটকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়।
সেই সঙ্গে ভার্চুয়াল প্লাটফর্মে সর্বোচ্চ আদালতের আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারিক কার্যক্রমও সীমিত পরিসরে চালানোর সিদ্ধান্ত আসে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে।
পরবর্তীতে কঠোর লকডাউনের মেয়াদ বাড়ালে প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসনও এ সিদ্ধান্তের মেয়াদ বাড়ায়।
পরে ঈদুল আজহার কারণে সরকার বিধিনিষেধ রেখে কঠোর লকডাউন তুলে নিলে বিচার বিভাগ পরিচালনার ক্ষেত্রেও সিদ্ধান্তের পরিবর্তন আসে।
তখন অধস্তন দেওয়ানি, ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ চালানোর সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি।
পাশাপাশি ভার্চুয়াল আদালতে দেওয়ানী, ফৌজদারী দরখাস্ত, আপিল, রিভিশন ও অন্যান্য মামলার শুনানি ও বিচারকাজ চলারও সিদ্ধান্ত দেওয়া হয়।
পরে গত ২৩ জুলাই ফুলকোর্ট সভা করে প্রধান বিচারপতি সিদ্ধান্ত দেন যে, ‘কঠোতম লকডাউনে’ সুপ্রিম কোর্টের হাই কোর্টে সীমিত পরিসরে চলবে বিচারিক কাজ।
এর জন্য গত ৫ অগাস্ট পর্যন্ত রিট আবেদন, দেওয়ানি, ফৌজদারি এবং কোম্পানি ও এডমিরালটি সংক্রান্ত তিনটি ভার্চুয়াল একক বেঞ্চ চালু রাখার সিদ্ধান্ত দেন।
সর্বশেষ গত ৫ অগাস্ট শুক্রবার আবার ফুলকোর্ট সভা করে প্রধান বিচারপতি ১২টি হাই কোর্ট বেঞ্চ গঠন করে দেন।
রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চের পাশাপাশি ১২টি ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চে চলে বিচারকাজ।
এর মধ্যেই রোববার সন্ধ্যায় হাই কোর্টের সবক’টি বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ চালানোর নতুন সিদ্ধান্ত এল।