1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

দোকান কর্মচারী ও হকারদের অধিকারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে শ্রমিক সমাবেশ

  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪ বার সংবাদ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : দোকান কর্মচারী ও হকারদের ন্যায্য অধিকার নিশ্চিত, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের আত্মত্যাগের স্বীকৃতির দাবিতে জাতীয় প্রেসক্লাবে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলরুমে বাংলাদেশ দোকান কর্মচারী ফেডারেশন (রেজি নং-বি ২২২০) আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগ দেশের রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। কিন্তু সেই আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এখনও হয়নি। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ভাষা আন্দোলন, নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে শুরু করে জুলাই আন্দোলন—প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে শ্রমিক শ্রেণির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জুলাই আন্দোলনে তিন শতাধিক শ্রমিক প্রাণ দিয়েছেন। অথচ সেই শ্রমিকদেরই আজ নিজেদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন করতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

অ্যাডভোকেট আতিকুর রহমান অভিযোগ করেন, দেশে প্রায় ৯২ লাখ দোকান কর্মচারীর অধিকাংশেরই নিয়োগপত্র, পরিচয়পত্র ও নির্দিষ্ট কর্মঘণ্টা নেই। অনেকেই ১২ ঘণ্টা বা তারও বেশি সময় কাজ করেও ন্যায্য মজুরি পান না এবং সাপ্তাহিক ছুটিসহ মৌলিক শ্রম অধিকার থেকে বঞ্চিত থাকেন। তিনি দোকান কর্মচারীদের জন্য নির্দিষ্ট কর্মঘণ্টা, বেতন কাঠামো, পরিচয়পত্র, নিয়োগপত্র এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

হকারদের প্রসঙ্গে তিনি বলেন, পুনর্বাসনের ব্যবস্থা ও যথাযথ নোটিশ ছাড়া উচ্ছেদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হকারদের আইনি স্বীকৃতি ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং উচ্ছেদের নামে হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক উপায়ে দাবি আদায়ে বিশ্বাস করে।

দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালাম এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা মুহিবুল্লাহ। সমাবেশ সঞ্চালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

বিশেষ অতিথিদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার, চাকরির নিরাপত্তা, বৈষম্য দূরীকরণ এবং হকারদের পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করা হয়। তারা বলেন, সংগঠিত ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।

সমাবেশ শেষে জুলাই সনদ বাস্তবায়ন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ কার্যকর, দোকান কর্মচারীদের চাকরির নিরাপত্তা, নির্দিষ্ট কর্মঘণ্টা ও বেতন কাঠামো প্রণয়ন এবং পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধসহ বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com