স্পোর্টস ডেস্ক : স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের জন্য গর্বে ভাসছে বার্সেলোনার পাশের শ্রমজীবী এলাকা রোকাফোন্দা। বিশ্বকাপ ফাইনালে তার প্রিয় ফুটবলার লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে পুরো এলাকায়।
যে মাঠে ছোটবেলায় ফুটবল খেলে বড় হয়েছেন ইয়ামাল, সেখানে এখনো শিশু-কিশোরদের পদচারণা। স্থানীয়দের বিশ্বাস, নিজেদের এলাকার এই তরুণই এখন পুরো স্পেনের আশা।
স্থানীয় বাসিন্দা কেবা বলেন, ছোটবেলা থেকেই ইয়ামাল মেসিকে আদর্শ মানতেন। এখন বিশ্বকাপের ফাইনালে সেই মেসির বিপক্ষেই তাকে খেলতে দেখা সত্যিই অবিশ্বাস্য।
এলাকার একটি দেয়ালে আঁকা হয়েছে ইয়ামালের বিশাল প্রতিকৃতি। সেখানেই বসে নাতির খেলা দেখার অপেক্ষায় ছিলেন তার দাদি ফাতিমা নাসরাউই। তিনি বলেন, স্পেনের জয়ই চান তিনি। আর ইয়ামাল গোল করলে সবচেয়ে জোরে তিনিই চিৎকার করবেন।
ইয়ামালের ১৫ বছর বয়সী চাচাতো ভাই রায়ান বলেন, ‘আমরা একসঙ্গে বড় হয়েছি। আমার কাছে সে শুধু একজন ফুটবলার নয়, ভাইয়ের মতো।’
মরক্কোর বাবা ও নিরক্ষীয় গিনির মায়ের সন্তান ইয়ামাল কখনোই নিজের শেকড় ভুলে যাননি। গোল করার পর তার বিখ্যাত ‘৩০৪’ উদযাপন রোকাফোন্দার ডাকঘরের কোডের প্রতি সম্মান জানিয়ে করা। এবারের বিশ্বকাপেও তিনি মাথার ফিতায় নিজের এলাকার নাম লিখে খেলছেন। এছাড়া বুটে ব্যবহার করেছেন বাবা-মায়ের দুই দেশের পতাকা।
ইয়ামালের মতে, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের মিলনেরও প্রতীক। আর সেই বিশ্বাস নিয়েই এখন বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে লিওনেল মেসির বিপক্ষে নামার অপেক্ষায় রয়েছেন স্পেনের এই তরুণ তারকা।