কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমের ওপর মাদক সন্ত্রাসীদের গুলির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রোববার দুপুরে মাদকবিরোধী ঐক্যজোটের ব্যানারে নগরীর কাটাবিল এলাকায় এ মানববন্ধন করা হয়।
এ সময় ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং বিচার দাবি করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর।
মাদকবিরোধী ঐক্যজোটের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- কুমিল্লার জমিনের সম্পাদক এবং নাগরিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, বৈষম্যবিরোধী আন্দোলন কুমিল্লা মহানগরের সাবেক আহ্বায়ক আবু রায়হান, ছাত্র নেতা ঈশান, ইয়াসিন, ইম্পা, জান্নাত প্রমুখ।
এতে কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী, বিএনপি, জামায়াত, এনসিপি, হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমাজের সব স্তরের সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান সাগর বলেন, বার্তা একটাই- কুমিল্লা থেকে মাদক ও মাদক কারবারিদের বিদায় করতে হবে। রাজনৈতিক ছত্রছায়ায় এসব মাদক ব্যবসা আর চলবে না। রাজনৈতিক ফাঁকা আওয়াজে মানুষ আর বিভ্রান্ত হবে না।
মানুষ এখন নিজেরাই সামাজিক আন্দোলন গড়ে তুলবে। আগামী ৩ দিনের মধ্যে ইথান আহমেদ প্রেমের ওপর গুলি বর্ষণকারীদের গ্রেফতার করতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী অপু ও সাব্বির গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। বৃহস্পতিবার দুপুরে দুই গ্রুপ হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এ সময় স্কুল থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয় প্রেম। ওই দিন সকালে মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়ায় তাকে গুলি করা হয় বলে পরিবার এবং এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ করা হয়।
কুমিল্লায় স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমকে গুলি করার ঘটনায় নগরজুড়ে তীব্র প্রতিক্রিয়া চলছে। জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ওই শিক্ষার্থী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুলেটটি তার পিঠে বিদ্ধ হয়ে ফুসফুসে গিয়ে ঠেকেছে।
এ ঘটনায় প্রেমের বাবা ইউনুছ মিয়া সন্ত্রাসী সাব্বির, অপুসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। ঘটনার মূল হোতারা এখনো গ্রেফতার হয়নি।
এদিকে মাদক ব্যবসায়ী এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে আলটিমেটাম (সময় বেঁধে দেওয়া) দিয়েছেন সংসদ-সদস্য মনিরুল হক চৌধুরী।