বাংলা রিপোর্ট//নবী মোহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি বা গালিগালাজকারীদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাসের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য আবু সায়েদ মোহাম্মদ হানজালা।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ দাবি করেন।
আবু সায়েদ মোহাম্মদ হানজালা বলেন, তিনি যে আসন থেকে নির্বাচিত হয়েছেন, সেই অঞ্চল ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। তিনি হাজী শরীয়াতুল্লাহর আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, অন্যায়-অবিচার দূর করতে তিনি সংগ্রাম করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় উপমহাদেশের ইতিহাসে বড় পরিবর্তন এসেছে।
সংসদে তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক আলেম সমাজ তাদের প্রতিনিধিদের দিকে তাকিয়ে আছে এবং তাদের প্রত্যাশা সংসদে প্রতিফলিত হওয়া উচিত। তিনি দাবি করেন, যারা নবীকে (সা.) অস্বীকার করে বা কটূক্তি করে, তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা প্রয়োজন।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলে তা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে তিনি সংসদ থেকে আইন করে এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তব্যে তিনি আরও বলেন, নবীকে (সা.) নিয়ে কটূক্তির ঘটনা ঘটলে মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করা উচিত।
এ সময় তিনি নিজ নির্বাচনি এলাকার একটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিও সংসদে তুলে ধরেন।