আন্তর্জাতিক ডেস্ক//ভারতের রাজধানী দিল্লির অন্তত ১৫টি স্কুলে ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার সকালে পাঠানো ওই ইমেইলে বলা হয়েছে, ‘দিল্লি হবে খালিস্তান’। একইসঙ্গে আগামী ১৩ ফেব্রুয়ারি দেশটির পার্লামেন্ট ভবনেও বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, সোমবার সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে একে একে অন্তত ১৫টি স্কুলে এই হুমকিবার্তা পৌঁছায়। এর মধ্যে রয়েছে দিল্লি ক্যান্টনমেন্টের লরেটো কনভেন্ট, রোহিণীর ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল, শ্রীনিবাসপুরী ও নিউ ফ্রেন্ডস কলোনির কেমব্রিজ স্কুল, সাদিক নগরের দি ইন্ডিয়ান স্কুল এবং রোহিনী ও নিউ রাজিন্দর নগরের বেশ কিছু নামী শিক্ষাপ্রতিষ্ঠান।
সূত্রমতে, সকাল ৭টা ২২ মিনিটের দিকে পাঠানো ওই ইমেইলে লেখা ছিল, “দিল্লি হবে খালিস্তান। আফজাল গুরুর স্মরণে আজ দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ ঘটবে।” ইমেইলে আরও হুমকি দিয়ে বলা হয়েছে, “১৩ ফেব্রুয়ারি দুপুর ১টা ১১ মিনিটে পার্লামেন্টে বিস্ফোরণ হবে। পাঞ্জাবই হলো খালিস্তান।”
হুমকির খবর পাওয়ার পরপরই স্কুলগুলো থেকে দ্রুত শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ, ডগ স্কোয়াড এবং বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। তবে দীর্ঘ সময় তল্লাশির পর কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পুলিশ একে আপাতত ‘ভুয়া হুমকি’ বলে ধারণা করছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, যারা এই ইমেইল পাঠিয়েছে তাদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। সাইবার সেলের মাধ্যমে ইমেইলের উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত মাসেও দিল্লির বেশ কিছু স্কুলে একই ধরনের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে ভুয়া প্রমাণিত হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বড় ধরনের এই হুমকির ঘটনায় শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।