1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এবার সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে শনিবার গভীর রাতে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, আগে নিরাপদ চলাচলের জন্য যে করিডরটি নির্দিষ্ট করা হয়েছিল, সেটির ওপরও এখন নিষেধাজ্ঞা কার্যকর হবে। ইরানের বন্দর এবং জাহাজগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান।

এর আগে শুক্রবার ইরান বলেছিল যে, তাদের সঙ্গে সমন্বয় করে এবং নির্দিষ্ট টোল পরিশোধ সাপেক্ষে জাহাজগুলো এই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে শনিবারের নতুন বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী যেকোনও জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।

ইরান মনে করছে, তাদের ওপর যুক্তরাষ্ট্রের এই অবরোধ দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

উল্লেখ্য, শনিবার সকালেই হরমুজ প্রণালি এবং ওমান উপকূলে দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত একটি জাহাজে ইরানের গানবোট থেকে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস রফতানির প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। ফলে ইরানের এই কঠোর সিদ্ধান্তে বিশ্ববাজারে নতুন করে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: এপি

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com