বাংলা রিপোর্ট//প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার জনগণের মধ্যে ই-হেলথ কার্ড বিতরণের মাধ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করা হবে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তরে লিখিত জবাবে তিনি এসব তথ্য দেন।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, গত ১৬ মার্চ থেকে সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। জুন ২০২৬ পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয় যৌথভাবে এক হাজার ২০৪ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করবে।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কাবিখা, কাবিটা ও টিআর কর্মসূচির আওতায় জুন ২০২৬ পর্যন্ত আরও এক হাজার ৫০০ কিলোমিটার খাল পুনঃখনন ও সংস্কার করা হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে মোট ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন এবং পুনঃখনন করা হবে। পাশাপাশি ২৫ কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইতোমধ্যে এক কোটি ৫০ লাখ বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করা হয়েছে। এসব চারা আসন্ন বর্ষা মৌসুমে রোপণ করা হবে।
বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার ও এনজিওগুলোর সঙ্গে সমন্বয় করা হবে।