আন্তর্জাতিক ডেস্ক//জাপানের উপকূলীয় অঞ্চলে গত তিন সপ্তাহ ধরে চলা ভারী তুষারপাতে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ৪৬ জন নিহত এবং ৫৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এজেন্সির সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই বরফপাতে ৪৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৫৮ জন আহত হয়েছেন। উত্তরাঞ্চলের বহু এলাকা বরফে ঢেকে গেছে, আর বিশেষ করে জাপান সাগর সংলগ্ন অঞ্চলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বেশিরভাগ মৃত্যু ঘটেছে ছাদ থেকে বরফ পড়ে বা বরফ পরিষ্কার করতে গিয়ে পিছলে পড়ার কারণে। আওমোরির মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে জমে থাকা বরফের পুরুত্ব পৌঁছেছে ১.৩ মিটার, যা চার ফুটেরও বেশি।
এদিকে জাপানের আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার জানিয়েছে, গ্রীষ্মকালে এল নিনো ঘটার সম্ভাবনা ৬০ শতাংশ। বসন্তকালে এল নিনো হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ, আর স্বাভাবিক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনাও ৫০ শতাংশ বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের পূর্ব ও মধ্যাঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটি ঘটনা। অন্যদিকে, লা নিনো ঘটে যখন সমুদ্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকে, যা বন্যা ও খরার মতো চরম আবহাওয়ার ঝুঁকি বাড়াতে পারে।