1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সূর্য, ‘এখন এটা দ্বৈরথের পর্যায়ে পড়ে না’

সাংবাদিক
  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ বার সংবাদ দেখেছেন

স্পোর্টস ডেস্ক//এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেয়েছে ভারত। দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে রবিবার ৬ উইকেটের দাপুটে জয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দিয়েছে সূর্যকুমার যাদবের দল।

১৭২ রানের লক্ষ্য ১৮.৫ ওভারেই ছুঁয়ে ফেলে ভারত। ওপেনার অভিষেক শর্মা খেলেন ৭৪ রানের বিস্ফোরক ইনিংস। তার সঙ্গে শুবমান গিলের উদ্বোধনী জুটি মাত্র ৯.৫ ওভারে যোগ করে ১০৫ রান।

পাকিস্তান আগে ব্যাট করে ২০ ওভারে তোলে ৫ উইকেটে ১৭১। ওপেনার শাহেবজাদা ফারহান ৪৫ বলে ৫৮ রান করেন। তবে ৯.৩ ওভারে ৯৩-১ থেকে পাকিস্তান শেষ পর্যন্ত প্রত্যাশিত রান তুলতে ব্যর্থ হয়।

অবশ্য দুই ম্যাচে যেভাবে ভারত আধিপত্য দেখিয়েছে তাতে অতীতের সেই দ্বৈরথের ঝাঁজ এখন আর পাওয়া যাচ্ছে না। লড়াইটা হচ্ছে একপেশে। তাই ম্যাচ শেষে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, এটি আর কোনও দ্বৈরথের পর্যায়ে পড়ে না, ‘১৫-২০ ম্যাচ খেলে যদি ফল সমান হয়, তাহলে সেটাকে দ্বৈরথ বলা যায়। ১৩-০, ১০-১… আমি জানি না পরিসংখ্যান কী, কিন্তু এটা আর কোনও দ্বৈরথের পর্যায়ে পড়ে না।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা ওদের চেয়ে ভালো খেলেছি। ব্যাটিং-বোলিং দুই দিকেই এগিয়ে ছিলাম। এই মাঠে ক্যাচ মিসের হার অনেক বেশি, তবে এটা খেলারই অংশ।’

অভিষেক শর্মার প্রশংসা করে সূর্যকুমার বলেন, ‘সে জানে তার কাছ থেকে কী চাওয়া হচ্ছে। প্রতিপক্ষ বোলাররা কী করবে, সেটাও বুঝে নেয়। প্রতি ম্যাচেই শিখছে।’

পাকিস্তান অধিনায়ক সালমান আগা স্বীকার করেন, দল অন্তত ১৫-২০ রান কম তুলেছে, ‘১০ ওভারে ৯১ রান করার পরও আমরা লক্ষ্যভ্রষ্ট হই। তবু ১৭১ মোটামুটি চ্যালেঞ্জিং ছিল। কিন্তু বল হাতে শুরুতে ভারতীয় ওপেনারদের থামাতে পারিনি।’

আগামী মঙ্গলবার আবুধাবিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। এর আগে সুপার ফোরে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে ৪ উইকেটে। সুপার ফোর থেকে শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন