1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : news editor : news editor

‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬৫ বার সংবাদ দেখেছেন

বিনোদন রিপোর্ট//দীর্ঘদিন পর বড় পর্দায় ‘উৎসব’ সিনেমা দিয়ে ফিরেছেন জাহিদ হাসান। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটি এখনও প্রেক্ষাগৃহে চলছে। এই সিনেমায় ‘খাইশটা জাহাঙ্গীর’-এর চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসিত হচ্ছেন তিনি।

তবে এরইমাঝে খানিকটা বিতর্কে জড়ালেন এই অভিনেতা।

সম্প্রতি জাহিদ হাসান একটি সাক্ষাৎকারে শাকিব খানের নামে পাশে ‘মেগাস্টার’ শব্দটি ব্যবহার বিষয়ে আপত্তি জানান। এরপর থেকেই শুরু হয়েছে এই অভিনেতাকে নিয়ে সমালোচনা। বিশেষকরে শাকিব ভক্তরা বেজায় চটেছেন তার ওপর।

তবে জাহিদ হাসান মনে করেন, তার কথাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। বলা যায়, রীতিমতো আত্মপক্ষ সমর্থন করেছেন এই অভিনেতা।

২ জুলাই আরেকটি সাক্ষাৎকারে অভিনেতা এই বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমি নিজেই তো ছোট মানুষ, তাকে (শাকিব খান) ছোট করতে যাব কেন? হয় আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, না হয় আমি ভালোভাবে বুঝাতে পারিনি।’

তিনি এরপর বলেন, ‘এটি ভুল বোঝাবুঝি। আমি যেভাবে বলতে চাচ্ছিলাম, সেভাবে হয়তো বুঝাতে পারিনি। আমি চিন্তা করছিলাম যে, নিজেই যেহেতু একটা মানুষ বড় হয়ে যায়, তার সামনে অন্যকোনও বিশেষণ লাগে না। যেমন টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান বা ম্যারাডোনা, তাদের নামের আগে কি অন্যকিছু দেওয়ার দরকার আছে?’

এ সময় তিনি শাকিবভক্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমি তাদের (শাকিব ভক্ত) আবেগকে সম্মান করি। যারা তার ভক্ত-অনুসারী, তারা যে মন খারাপ করেছে, এটি এক ধরনের ইতিবাচক বিষয়। কিন্তু তারা বিষয়টি (আগের মন্তব্য) বুঝতে পারলে শাকিব খান আরও বড় হতো বলে আমি বিশ্বাস করি। কারণ তারা তো শাকিবকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমি কি বুঝাতে পেরেছি? এটাও যেন ভুলভাবে ব্যাখ্যা না হয়।’

শেষে অভিনেতা বলেন, ‘শাকিব খান তো আমাদেরই। আমাদের জিনিস আমাদের করে রাখতে হবে। নিজেরা এ রকম করলে খারাপ, এসব ভালো নয়। সবসময় মাথায় রাখতে হবে, কাউকে ছোট করে কখনও কেউ বড় হতে পারে না।’

উল্লেখ্য, ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। এই সিনেমাটিও পেয়েছে দর্শকপ্রিয়তা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
Site Customized By NewsTech.Com