স্পোর্টস ডেস্ক//গত সপ্তাহে প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে হারের ধাক্কার পর ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। মঙ্গলবার অরল্যান্ডোয় বিশ্বকাপের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে সেলেসাওরা।
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে এই ক্রোয়েশিয়ার কাছেই টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। এবার অবশ্য সেই হারের কিছুটা প্রতিশোধ নেওয়া গেছে। জয়ের দিনে স্কোরশিটে নাম তুলেছেন দানিলো, ইগর থিয়াগো ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপ দল ঘোষণার আগে এটিই ছিল তাদের শেষ ম্যাচ।
প্রথমার্ধের যোগ করা সময়ে দ্রুত প্রতিআক্রমণ থেকে এগিয়ে যায় ব্রাজিল। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের ক্ষীপ্রগতির এক দৌড়ের পর বোটাফোগোর আক্রমণভাগের খেলোয়াড় দানিলো জোরালো শটে দলকে লিড এনে দেন।
৮৩ মিনিটে লোভরো মায়েরের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা এন্দ্রিক ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। লিওঁর এই ফরোয়ার্ড বক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন। তার পর ৮৮ মিনিটে গোল করে ব্রাজিলকে আবারও এগিয়ে দেন ইগর থিয়াগো। এরপর যোগ করা সময়ে ব্রাজিলকে তৃতীয় গোল এনে দেন মার্টিনেল্লি। তাতে অবদান ছিল এন্দ্রিকেরও।
২০০২ সালের পর ষষ্ঠ শিরোপার খোঁজে থাকা ব্রাজিল ‘সি’ গ্রুপে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে।