বাংলা রিপোর্ট//সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন
দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। শনিবার (৪ এপ্রিল) রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উপ সচিব ফরিদী ইয়াসমিন সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রবিবার (৫ এপ্রিল) থেকে সব ধরনের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সরকারি ও বেসরকারি অফিসগুলোর সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার এবং শনিবার। তবে, জরুরি পরিষেবা এই প্রজ্ঞাপনের বাইরে থাকবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের চিঠির নির্দেশনা মোতাবেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে, গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে হবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।
এছাড়া আদালতের অফিস সময়সূচি নির্ধারণের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান বা কলকারখানার কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।