বাংলা রিপোর্ট//জ্বালানি সংকট মোকাবিলা এবং সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে কঠোর ‘ব্যয় সংকোচন নীতি’ গ্রহণ করেছে সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তার মন্ত্রিসভার সব সদস্য এখন থেকে সরকারি যানবাহনে ব্যবহারের জন্য ৩০ শতাংশ কম জ্বালানি বরাদ্দ পাবেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই নির্দেশনার ফলে সরকারি উচ্চপর্যায়ে জ্বালানি খরচ উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করা হচ্ছে।
অর্থনৈতিক চাপ সামাল দিতে আপাতত সরকারের পক্ষ থেকে সব ধরনের ভূমি বা জমি অধিগ্রহণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সরকারি বাসভবন ও অফিসের সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক বা দাফতরিক ভবনের শোভাবর্ধন ব্যয় ৫০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।