বাংলা রিপোর্ট//বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। খেলা শুরুর মাত্র সাত ঘণ্টা আগে অ্যাক্রিডিটেশন পলিসি ঘোষণা করা হয়েছে। যেখানে বলা হয়েছে তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত প্রতিষ্ঠান ছাড়া কাউকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে না। বিসিবি মিডিয়া কমিটির পক্ষ থেকে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের ( বিএসপিএ) সাথে বুধবার গভীর রাতে যোগাযোগ করে একই সিদ্ধান্তের কথা জানিয়ে পক্ষে থাকার অনুরোধও করা হয়েছে। যা তাৎক্ষণিকভাবে নাকচ করে দিয়েছে বিএসপিএ।
প্রতিবাদ জানিয়ে বিএসপিএ বলেছে, ‘পূর্ব ঘোষণা না দিয়ে বিসিবির এক্রিডিটেশন পলিসি পরিবর্তনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে বিএসপিএ। এমন সিদ্ধান্তকে বিএসপিএ কোনভাবেই সমর্থন করে না।’
এরপরই দেশের ক্রীড়া সাংবাদিকদের প্রাচীন সংগঠনটি বলেছে, ‘তবে বিএসপিএ সবসময় চায় স্থায়ী অ্যাক্রিডিটেশন পলিসি তৈরি হোক। যার মাধ্যমে পেশাদারি দায়িত্ব সঠিকভাবে পালিত হবে। সাম্প্রতিক নানা ইস্যুতে বিসিবি’র সাথে বিএসপিএ বারবার আলোচনার প্রস্তাব দিয়েছে। বিএসপিএ বিশ্বাস করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব।’