বাংলা রিপোর্ট//ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উচ্চপর্যায়ের সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি কার্যক্রমের সমন্বয় বিষয়ে বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, সভায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্ব অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
আদেশে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনি কার্যক্রমের সমন্বয় বিষয়ক একটি সভা বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর-৫২০) অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন।
এছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারাও সভায় অনলাইনে উপস্থিত থাকবেন। সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে সবিনয়ে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।