আন্তর্জাতিক ডেস্ক//তুরস্ক সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না বলে জানিয়েছে সৌদি সামরিক সূত্র। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে জোট গঠনের আলোচনা থাকলেও, চুক্তিটি কেবল সৌদি আরব ও পাকিস্তানের মধ্যেই দ্বিপক্ষীয়ভাবে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছে সূত্রটি । ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সূত্রটি এএফপিকে জানিয়েছে, তুরস্ক পাকিস্তানের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না। এটি কেবল পাকিস্তানের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তি হিসেবেই বহাল থাকবে।
একজন উপসাগরীয় কর্মকর্তাও একই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষামূলক সম্পর্কটি সম্পূর্ণভাবে দ্বিপক্ষীয়। তুরস্কের সঙ্গে আলাদা সহযোগিতা থাকলেও, পাকিস্তানের সঙ্গে এই চুক্তিতে তৃতীয় কোনও দেশ যুক্ত হচ্ছে না।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে তুরস্কের এক কর্মকর্তা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত প্রতিরক্ষা জোটে তুরস্কের সম্ভাব্য যোগদানের বিষয়ে আলোচনা চলছে বলে দাবি করেছিলেন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট সৌদি ও উপসাগরীয় সূত্র স্পষ্ট করেছে যে এমন কোনও আলোচনা বা উদ্যোগ বর্তমানে নেই এবং ওই দাবি ভিত্তিহীন।