বাংলা রিপোর্ট//সুদানে মর্মান্তিকভাবে প্রাণ হারানো ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র দূতাবাস। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) পৃথক বার্তায় এই শোক জানানো হয়।
ব্রিটিশ হাইকমিশন জানায়, বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতিকে সমর্থন জানাতে যুক্তরাজ্য অবিচল রয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশের দীর্ঘ অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে যুক্তরাষ্ট্র।
শনিবার (১৩ ডিসেম্বর) সুদানের স্থানীয় সময় দুপুরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী সন্ত্রাসী ড্রোন হামলা চালায়। ওই হামলায় দায়িত্ব পালনরত ছয় জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন এবং আহত হন আট জন শান্তিরক্ষী।
নিহতরা হলেন—করপোরাল মো. মাসুদ রানা, সৈনিক মো. মমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মন্ডল, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।
আহতরা হলেন—লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, করপোরাল আফরোজা পারভিন ইতি, ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম, সৈনিক মো. মেজবাউল কবির, সৈনিক উম্মে হানি আক্তার, সৈনিক চুমকি আক্তার ও সৈনিক মো. মানাজির আহসান।