1. masudkhan89@yahoo.com : admin :
  2. banglarmukhbd24@gmail.com : News Editor : News Editor
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

হংকংয়ে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়লো উড়োজাহাজ, প্রাণহানির শঙ্কা ২

সাংবাদিক
  • আপডেট সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার সংবাদ দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক//হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি মালবাহী উড়োজাহাজ (কার্গো প্লেন) রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। দুর্ঘটনায় অন্তত দুজনের প্রাণহানির আশঙ্কা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দুবাই থেকে ছেড়ে আসা উড়োজাহাজটি সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় পুলিশ বিভাগের উদ্ধৃতি দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, উড়োজাহাজটি অবতরণের পর রানওয়ের পাশে থাকা একটি বাহনে ধাক্কা দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এতে ওই বাহনের দুই আরোহী মারা গেছেন। তবে দুর্ঘটনার বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

দুর্ঘটনার পর তোলা ছবিতে দেখা যায়, এয়ারএসি‌টি লিভারিযুক্ত একটি বোয়িং ৭৪৭ মালবাহী বিমান সাগরের পাড়ে আংশিকভাবে ডুবে আছে। উড়োজাহাজের সামনের ও পেছনের অংশ আলাদা হয়ে গেছে।

হংকংয়ের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের পর উড়োজাহাজটি উত্তর রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যায়। সে সময় দুজন স্থলকর্মী পানিতে পড়ে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পরিণতি নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনার পর উত্তর রানওয়েটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলেও জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে দক্ষিণ ও কেন্দ্রীয় রানওয়ে আপাতত চালু থাকবে।

বিবৃতিতে ওই কর্মীদের উল্লেখ না থাকলেও বলা হয়েছে, উড়োজাহাজের চার আরোহীকে উদ্ধার করা হয়েছে।

এমিরেটস এয়ারলাইন্সের বিবৃতিতে বলা হয়, সোমবার তাদের ইকেই৯৭৮৮ ফ্লাইটটি হংকংয়ে অবতরণের সময় ক্ষতিগ্রস্ত হয়। তবে সব আরোহী নিরাপদে আছেন এবং বিমানে কোনও মালামাল ছিল না। এটি ছিল একটি বোয়িং ৭৪৭ মালবাহী বিমান, যা তুরস্কভিত্তিক এসি‌টি এয়ারলাইন্স থেকে ভাড়া নেওয়া হয়েছিল।

তুর্কি এয়ারলাইন্সটি সাধারণত বড় বিমান সংস্থাগুলোতে বাড়তি কার্গো বহনের সক্ষমতা রাখে। কর্মঘণ্টার বাইরে হওয়ায় যোগাযোগের চেষ্টা করে সাড়া পায়নি রয়টার্স।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ বাংলার মুখ বিডি
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ ইজি আইটি সল্যুশন