বাংলা রিপোর্ট//গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, শুধু তিনটি দলকে জুলাই ঘোষণাপত্রের খসড়া পাঠিয়ে সরকার বৈষম্য করেছে। আমরা এর ব্যাখ্যা চাইবো। আর জুলাই সনদকে আইনি ভিত্তি না দিলে আমরা স্বাক্ষর করবো না। অভ্যুত্থানের চেতনাকে ধারণ না করলে নির্বাচনকালীন সরকারের জন্য আরেকটি আন্দোলন করতে হবে।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্যে কমিশনের দ্বিতীয় দফার ২২তম দিনের বৈঠক শেষে সাংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নূর বলেন আইনগত ভিত্তি না দিয়ে জুলাই সনদ করলে পরবর্তীতে এটি কার্যকর হবে না। আর ঘোষণাপত্রে কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনকে ঐতিহাসিকভাবে এটি সংযোজন করতে হবে। তিনি এ বিষয়গুলো নিয়ে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সহ সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান এবং দফতর সম্পাদক শাকিল উজ-জামান।